স্কাউট ও ব্যাক্তিজীবনে স্কাউটের ভূমিকা
স্কাউট এর সঠিক অর্থ হচ্ছে চর বা গুপ্তচর। তাছাড়া স্কাউট এই শব্দটির আরো কিছু অর্থ রয়েছে। সেগুলো হলঃ সৃ, উদার, ভাগ্যবান, স্বাভাবিক, সক্রিয়, মনোযোগী, উপযুক্ত, বন্ধুত্বপূর্ণ, আধুনিক ইত্যাদি। এই শব্দগুলোই স্কাউটকে সুন্দরভাবে প্রকাশ করে থাকে।
স্কাউট হচ্ছে সামাজিক, সেবামূলক এবং অরাজনৈতিক আন্দোলন- যার মাধ্যমে শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলা হয়। তাছাড়া এটি জাতি, বর্ণ,ধর্ম নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত।
এর মূল লক্ষ্য হচ্ছে শিশু,কিশোর - কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। যা ব্যক্তিজীবনের জন্য অপরিহার্য।
এটি বিশ্বের একমাত্র সংগঠন, যেখানে যোগদান করতে হলে আত্মশুদ্ধি পালন করতে হয়। আগ্রহীদের অতীত জীবনের সকল বদঅভ্যাস পরিত্যাগ করার শপথ নিতে হয়। মদ, জুয়া, যৌনতা, শঠতা ও নাস্তিকতা নামের পাঁচটি শিলাখণ্ড থেকে জীবনকে রক্ষা করার শিক্ষা স্কাউটই দিয়ে থাকে। স্কাউট প্রতিজ্ঞা অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়। একজন স্কাউট সর্বদা আত্মমর্যাদায় বিশ্বাসী, বন্ধু, বিনয়ী ও অনুগত, জীবের প্রতি সদয়, সদা প্রফুল্ল, মিতব্যয়ী, চিন্তা কথা ও কাজে সর্বদা নির্মল হয়ে থাকে। এই গুণগুলো একজন স্কাউটের মধ্যে থাকে বলেই সে একজন সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠে। স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে। স্কউটিং এর বাস্তবমুখী ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে ছেলে-মেয়েরা ছোটবেলা থেকেই সঠিক দিক নির্দেশনার পেয়ে থাকে যা ব্যক্তি ও সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেয়। নিরক্ষর ও মাদকমুক্ত সমাজ,সুন্দর পরিবেশ তৈরিতে এবং দরিদ্র মানুষের সেবা ও সহযোগিতা করার জন্য স্কাউটরা সমাজে অগ্রণী ভূমিকা পালন করে। স্কাউট প্রশিক্ষণের মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে যা দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক,ও বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটিয়ে চরিত্রবান, দক্ষ, আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
একজন স্কাউট সব সময় অন্যের থেকে এক কদম এগিয়ে থাকে। স্কাউটিং পরিকল্পিতভাবে কাজ করা শেখায়। স্কাউটরা যেকোনো কাজই ছোট ছোট অংশে ভাগ করে নেয়। এই পদ্ধতিতে কাজ করলে জীবনের সব ক্ষেত্রেই সফল হওয়া যায়।
পরিশেষে বলা যায় আমাদের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই।
0 Comments