গ্রুপ কমিটি

গ্রুপ কমিটিঃ  

প্রতিটি প্রপের একটি গ্রুপ কমিটি থাকবে। এ কমিটি গ্রুপের সকল নির্বাহী দায়িত্ব পালন করবে। গ্রুপ কমিটিই নির্বাহী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী। নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এ কমিটি গঠিত হবে।

১. সভাপতি

২. সহ-সভাপতি

৩. কোষাধ্যক্ষ

৪. সম্পাদক/গ্রুপ স্কাউট লীডার

৫. সদস্য (প্রয়োজনীয় সংখ্যক)

নিয়ন্ত্রিত গ্রুপের ক্ষেত্রে এ কমিটির সদস্য সংখ্যা হবে সাত থেকে নয় জন এবং মুক্ত গ্রুপের ক্ষেত্রে সাত থেকে পনেরো জন। 

গ্রুপ কমিটির দায়িত্বঃ

১.  গ্রুপ স্কাউট লীডার ও রোভার স্কাউট লীডারগণের কার্যাবলীর সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় উৎসাহ ও সহযোগিতা প্রদান।

২. জেলা রোভার স্কাউটস ও অঞ্চলের উপবিধি তথা বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়ম মোতাবেক স্বীয় গ্রুপ/ইউনিট পরিচালনা করা।

৩. বাংলাদেশ স্কাউটসের নির্ধারিত সিলেবাস অনুসারে রোভার স্কাউটদের প্রশিক্ষণ প্রদানের বিষয় নিশ্চিত করা।

৪. সিলেবাস অনুসারে পর্যায়ক্রমিক প্রশিক্ষণের মাধ্যমে রোভার স্কাউটদের উন্নয়নের বিষয় নিশ্চিত করা।

৫. বার্ষিক কার্যাবলী ও প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন।

৬. রোভার নেতা ও সহকারী রোভার নেতাগণের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।

৭. যোগ্যতা অর্জনকারী রোভার স্কাউটদের প্রয়োজনীয় ব্যাজ প্রদানের সুপারিশ করা।

৮. জেলা/আঞ্চলিক/জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের মুট/সমাবেশ/সেমিনার/ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণের জন্য মনোনয়ন ও প্রয়োজনীয় সুপারিশ করা

৯. গ্রুপ রোভার লীডার, রোভার স্কাউট লীডার এবং সহকারী রোভার স্কাউট লীডার মনোনয়ন এবং তাদের সনদের জন্য সুপারিশ করা।

১০. বার্ষিক তাঁবু বাস, পরিভ্রমণ, সমাজসেবা/সমাজউন্নয়ন কর্মকাণ্ডে স্কাউটদের অংশগ্রহণের সুযোগ প্রদান।  

১১. রোভার স্কাউটদের বিভিন্ন ব্যাজ অর্জনের উদ্দেশ্যে পেশকৃত পরিকল্পনা বিবেচনা, পরামর্শ প্রদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান। 

১২. গ্রুপের মানোন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা।  

১৩. জেলা রোভার স্কাউটসের সাথে যোগাযোগ রক্ষা করা। 

১৪. গ্রুপের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণের নিশ্চয়তা বিধান করা এবং কোন সদস্যের অস্কাউটসুলভ আচরণ পরিলক্ষিত হলে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা। কোন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হলে ঘটনার বিবরণ ও গৃহীত পদক্ষেপের বিবরণ উল্লেখপূর্বক রিপোর্ট প্রদান করা।  

১৫. অনুমোদিত পরিকল্পনা মোতাবেক প্রশিক্ষণ ও অন্যান্য কার্যাবলী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা। 

১৬. আয়-ব্যয়ের বাজেট প্রণয়ন, প্রণীত বাজেট মোতাবেক ব্যয় বরাদ্দ করা। 

সভাপতিঃ

নিয়ন্ত্রিত গ্রুপের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান পদাধিকার বলে সভাপতি হবেন। তবে কোন বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান এ পদের জন্য অন্য কোন ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন। মুক্ত গ্রুপের ক্ষেত্রে সভাপতি গ্রুপ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এক বৎসরের জন্য নির্বাচিত হবেন। সভাপতি সংগঠনকে সক্রিয় রাখার জন্য সকলকে প্রেরণা যোগাবেন। সকল সভায় তিনি সভাপতিত্ব করবেন।

সহ-সভাপতিঃ

গ্রুপ কমিটির একজন সহ-সভাপতি থাকবেন। তিনি গ্রুপ কাউন্সিলের বার্ষিক সভায় নির্বাচিত হবেন। সভাপতির অবর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।

কোষাধ্যক্ষঃ

গ্রুপ কমিটির একজন কোষাধ্যক্ষ থাকবেন। তিনি তহবিলের নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করবেন। আগত সকল টাকা-পয়সার আয়-ব্যয়ের হিসাব রক্ষা করবেন। তিনি মাঝে তহবিলের অবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করবেন। তিনি কেবলমাত্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক খরচের বিল অনুমোদন করবেন এবং তা চূড়ান্ত অনুমোদনের জন্য সভাপতির নিকট পেশ করবেন।

গ্রুপ রোভার স্কাউট লীডারঃ

গ্রুপের সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লীডারই গ্রুপ রোভার স্কাউট লীডার হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। গ্রুপ রোভার স্কাউট লীডার পদে জেলা রোভার লীডারকেও মনোনীত করা যেতে পারে। গ্রুপ রোভার স্কাউট লীডার জেলা রোভার স্কাউটস কমিশনারের মাধ্যমে আঞ্চলিক কমিশনার কর্তৃক সনদপ্রাপ্ত হবেন।

সম্পাদকঃ

গ্রুপ রোভার স্কাউট লীডার পদাধিকার বলে গ্রুপ কমিটির সম্পাদক হবেন। এক ইউনিট বিশিষ্ট গ্রুপের ক্ষেত্রে রোভার স্কাউট লীডার পদাধিকার বলে গ্রুপ কমিটির সম্পাদক হবেন। তিনি গ্রুপ কমিটির সুপারিশক্রমে জেলা রোভার স্কাউটসের মাধ্যমে আঞ্চলিক কমিশনার কর্তৃক ইস্যুকৃত সনদপত্র দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন। তিনি নিম্নবর্ণিত দায়িত্ব পালন করবেন

  • সভাপতির সাথে পরামর্শক্রমে গ্রুপ কমিটির সভা আহ্বান করবেন।
  • সভায় গৃহীত সিদ্ধান্তবলী বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
  • গ্রুপের সকল প্রকার রেকর্ডপত্র সংরক্ষণ করবেন।
  • তিনি রোভার স্কাউট ইউনিটসমূহের মধ্যে সমন্বয় রক্ষাকারী হিসাবে দায়িত্ব পালন করবেন
  • প্রশিক্ষণ ও প্রোগ্রাম বাস্তবায়নে তিনি রোভার স্কাউট নেতাদের পরামর্শ প্রদান করবেন
  • তিনি কমিটির পক্ষ থেকে সকল প্রকারের যোগাযোগ রক্ষাকারী হিসাবে দায়িত্ব পালন করবেন।

সদস্যঃ

গ্রুপ কাউন্সিলের বার্ষিক সভায় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক (নিয়ন্ত্রিত গ্রুপের ক্ষেত্রে) শিক্ষকবৃন্দের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক সদস্য নির্বাচিত হবেন। শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য সকল গ্রুপ (নিয়ন্ত্রিত বা মুক্ত) এর ক্ষেত্রে কাউন্সিলের সদস্যবৃন্দের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক সদস্য কাউন্সিলের বার্ষিক সভায় নির্বাচিত হবেন।

তহবিল ও আর্থিক পদ্ধতিঃ

  • গ্রুপের ব্যয় নির্বাহের জন্য নিম্নবর্ণিত খাত বা খাতসমূহ থেকে তহবিল গঠন করা যেতে পারেঃ
১. শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত সার্কুলারের ভিত্তিতে প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীর নিকট থেকে প্রতিষ্ঠান কর্তৃক ধার্যকৃত চাঁদার (বোর্ড বা বিশ্ববিদ্যালয়-এর নির্ধারিত রোভার স্কাউট ফি-এর অতিরিক্ত) অর্থ।

২. অবসর সময়ে উপার্জন সপ্তাহ পালনের মাধ্যমে উপার্জিত অর্থ।

৩. কোন প্রতিষ্ঠান, ব্যক্তি বা ব্যক্তিবর্গের শর্তহীন দান।

৪. সদস্যদের দেয়া চাঁদা ও গ্রুপের ভর্তি ফরম বিক্রয়লব্ধ অর্থ ।

  • তহবিলে আগত টাকা-পয়সা গ্রুপের নামে ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জমা থাকবে এবং তা সম্পাদক ও কোষাধ্যক্ষ-এর যুগগ্ম-স্বাক্ষরে পরিচালিত হবে। নিয়ন্ত্রিত গ্রুপের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মানুসারে তহবিল পরিচালিত হবে।
  • কমিটির সিদ্ধান্ত ব্যতিরেকে তহবিলের কোন অর্থ ব্যয় করা যাবে না।

রোভার স্কাউট ইউনিটঃ

দুই থেকে চারটি রোভার স্কাউট উপদল নিয়ে একটি রোভার স্কাউট ইউনিট গঠিত হবে। চারের অধিক উপদল হলেই একাধিক ইউনিট গঠন করতে হবে। 

উপদলঃ

  • চার থেকে ছয়জন রোভার স্কাউট নিয়ে একটি উপদল গঠিত হবে। প্রশিক্ষণসহ সকল প্রেগ্রাম উপদল ভিত্তিতে সম্পাদিত হবে। 
  • বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাস্তবায়নের সুবিধার্থে কোন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য একাধিক উপদলের সদস্য সমন্বয়ে এডহক উপদল গঠন করা যাবে।

রোভার স্কাউটঃ

  • রোভার স্কাউট ইউনিটে ভর্তির জন্য একজন যুবক/যুবতীকে কলেজ বা বিশ্ববিদ্যালয় বা সমমানের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী হতে হবে।
  • মুক্ত গ্রুপের ক্ষেত্রে ছাত্র-ছাত্রী ছাড়াও কোন যুবক/যুবতী রোভার স্কাউট ইউনিটে যোগদান করতে পারবে। তবে বয়স অবশ্যই ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। কোন মিল কারখানা বা দফতর কর্তৃক নিয়ন্ত্রিত দলের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে পারে।
  • গ্রুপে যোগদানের পর থেকে একজন যুবক/যুবতী রোভার সহচর নামে পরিচিত হবে। রোভার সহচর থাকা অবস্থায় সাধারণভাবে ছয় মাসের মধ্যে তাকে মেম্বারশীপ কার্যক্রমে সাফল্য অর্জন করতে হবে। এ ছয় মাসের মধ্যে সে সাফল্য অর্জন করতে না পারলে তার জন্য আবার ছয় মাস পর্যন্ত সময় দেয়া যেতে পারে। সাফল্য অর্জনের পর আত্মশুদ্ধি ও দীক্ষা গ্রহণের মাধ্যমে সে রোভার স্কাউট বলে পরিচিত হবে। তখন সে স্কাউট পোষাক, স্কাউট ব্যাজ ও সোল্ডার এ্যাপুলেট পরিধান করবে এবং স্কাউট সালাম বিনিময় করতে পারবে।
  • সাধারণভাবে একজন রোভার স্কাউট দ্বিতীয় বছরে প্রশিক্ষণ স্তর, তৃতীয় বছর সেবাস্তর এবং চতুর্থ বছরে প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড অর্জন করতে পারবে।
  • প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনের জন্য একজন রোভার স্কাউটকে বিধি মোতাবেক প্রয়োজনীয়সংখ্যক বিশেষ পারদর্শিতা ব্যাজ অর্জন ও অন্যান্য অভিজ্ঞতা অর্জন করতে হবে।

রোভার মেটঃ

সংশ্লিষ্ট রোভার উপদল পরিষদ, রোভার ইউনিট কাউন্সিল ও রোভার স্কাউট লীডারের অনুমোদন ক্রমে উপদলের কার্যক্রম পরিচালনার জন্য প্রতি বছর প্রত্যেক উপদলের জন্য একজন রোভার মেট থাকবে। রোভার মেট মনোনয়নের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত রোভার মেট অগ্রাধিকার পাবে। প্রশিক্ষণপ্রাপ্ত রোভার মেট না থাকলে মনোনয়ন প্রাপ্তির পর যথাসম্ভব কম সময়ের মধ্যে রোভার মেট প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

সহকারী রোভার মেটঃ

রোভার মেটের কার্যাবলী পরিচালনায় সহায়তা করার জন্য এবং তার অনুপস্থিতিতে উপদলের কর্মকাণ্ড পরিচালনার জন্য উপদল পরিষদ রোভার ইউনিট কাউন্সিল ও রোভার লীডারের অনুমোদনক্রমে রোভার মেট নিজ উপদল থেকে একজন সহকারী রোভার মেট নির্বাচন করবে।

উপদল পরিষদঃ

উপদলের সকল সদস্য সমন্বয়ে উপদল পরিষদ গঠিত হবে। রোভার মেট উপদল পরিষদের সভাপতি ও সহকারী রোভার মেট সম্পাদক হবে। রোভার স্কাউট প্রোগ্রাম-এর যাবতীয় কার্যক্রম উপদল পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।

সিনিয়র রোভার মেটঃ

রোভার স্কাউট লীডার রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সঙ্গে আলোচনাক্রমে রোভার মেটদের মধ্য থেকে নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন রোভার মেটকে সিনিয়র রোভার মেট নির্বাচন করবেন।
  • রোভার মেট হিসাবে অন্তত ছয় মাসের অভিজ্ঞতা।
  • রোভার স্কাউট ইউনিট পরিচালনায় রোভার স্কাউট লীডারকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা দানে সক্ষম।
  • কাব স্কাউটিং, বয় স্কাউটিং ও রোভার স্কাউটিং-এর বইপত্র সম্পর্কিত বিশেষ জ্ঞান।
  • দলে যদি কোন প্রেসিডেন্ট রোভার স্কাউট থেকে থাকে এবং সে যদি পূর্বে সিনিয়র রোভার মেট না হয়ে থাকে তবে সিনিয়র রোভার মেট হবার ক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে।
  • দলে যদি প্রশিক্ষণপ্রাপ্ত রোভার মেট থেকে থাকে তবে সিনিয়র রোভার মেট হওয়ার ক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে।
  • স্কাউটিং তৎপরতা, নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং উচ্চশ্রেণীর ছাত্রকে বিবেচনায় রেখে সিনিয়র রোভার মেট করা যেতে পারে। নিজ উপদল থেকে বিচ্ছিন্ন না হয়ে নিজ উপদলের রোভার মেটের দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে সিনিয়র রোভার মেট-এর দায়িত্ব পালন করবে।

রোভার স্কাউট ইউনিট কাউন্সিলঃ

  • রোভার স্কাউট ইউনিটের আভ্যন্তরীণ শৃঙ্খলা, শাসন, তহবিল ও ব্যয় সম্পর্কিত বিষয় এবং রোভার স্কাউট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার্থে রোভার স্কাউট লীডার, সহকারী রোভার স্কাউট লীডার, রোভার মেট, সহকারী রোভার সেট এবং রোভার স্কাউটদের মধ্যে থেকে প্রয়োজনীয়সংখ্যক নির্বাচিত প্রতিনিধি নিয়ে রোভার স্কাউট ইউনিট কাউন্সিল গঠিত হবে।
  • দুই উপদলবিশিষ্ট রোভার স্কাউট ইউনিটের ক্ষেত্রে সকলেই এরূপ পরিষদের কার্যাবলী পরিচালনা করবে।
  • সিনিয়র রোভার মেট ইউনিট কাউন্সিলের সভাপতি এবং পরবর্তী রোভার মেট সম্পাদক হবে। রোভার স্কাউট লীডার ও সহকারী রোভার স্কাউট লীডারগণ ইউনিট কাউন্সিলের উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

রোভার স্কাউট লীডারঃ

  • রোভার স্কাউট ইউনিট/গ্রুপের নিয়ন্ত্রণাধীন ও গ্রুপ রোভার স্কাউট লীডারের মনোনয়ন এবং জেলা রোভার স্কাউটস কমিশনারের সুপারিশক্রমে রোভার অঞ্চল থেকে সনদপত্র দ্বারা রোভার স্কাউট লীডার ও সহকারী রোভার স্কাউট লীডার নিযুক্ত হবেন।
  • দুয়ের অধিক উপদলবিশিষ্ট রোভার স্কাউট ইউনিটের জন্য প্রতি দুই উপদলের জন্য একজন সহকারী রোভার স্কাউট লীডার থাকতে হবে।

রোভার স্কাউট লীডারের যোগ্যতাঃ
  • রোভার স্কাউটিং কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বই, পুস্তিকা সাময়িকী, গঠন ও নিয়ম রোভার উপবিধি সম্পর্কে পূর্ণ জ্ঞান এবং স্কাউটিংয়ের অন্যান্য শাখা সম্পর্কে সাধারণ জ্ঞান।
  • রোভার স্কাউট লীডারের ক্ষেত্রে বয়স ২৫ থেকে ৬৫ এবং সহকারী রোভার স্কাউট লীডারের ক্ষেত্রে বয়স রোভার স্কাউট লীডারের অনুরূপ।
  • যুবকদের সঠিক পথে পরিচালনার্থে প্রয়োজনীয় ব্যক্তিত্ব, চরিত্র, অভিজ্ঞতা এবং রোভার স্কাউটিং ও নেতৃত্বের মূলনীতি অনুশীলন করানোর দক্ষতা। ৪) প্রতিবেশীদের সামাজিক প্রয়োজন সম্পর্কে সাধারণ জ্ঞান এবং রোভার স্কাউটদের উপযোগী সমাজসেবা/সমাজ উন্নয়ন কার্যক্রম গ্রহণের দক্ষতা। 
  • স্কাউটিং মূলনীতিতে আস্থা এবং অনুমোদিত রোভার স্কাউট লীডার প্রশিক্ষণ কোর্সে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ। 

রোভার স্কাউট লীডারের দায়িত্বঃ
  • গ্রুপ স্কাউট লীডারের (যদি থাকেন) তত্ত্বাবধানে ও সহকারী রোভার স্কাউট লীডারের সহযোগিতায় একটি রোভার স্কাউট ইউনিট পরিচালনা।
  • উপদল পরিষদ সুষ্ঠু পরিচালনায় উৎসাহ ও পরামর্শ দান।
  • রোভার স্কাউট ইউনিট কাউন্সিল সুষ্ঠু পরিচালনায় উৎসাহ ও পরামর্শ দান এবং ইউনিটের আভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রোগ্রাম পরিচালনা, দলীয় তহবিল সংরক্ষণ ও ব্যয় নির্বাহের ব্যাপারে কাউন্সিলকে পূর্ণ সচেতন ও দায়িত্বশীল করে তোলা।
  • অভিভাবক, প্রতিবেশী ও সমাজের সমর্থনযোগ্যরূপে রোভার স্কাউট কার্যক্রমকে প্রতিষ্ঠিত করা এবং কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ ও প্রশিক্ষণ উপকরণ সরবরাহে গণসমর্থন আদায় করা।
  • রোভার স্কাউট লীডার ও সহকারী রোভার স্কাউট লীডার বিধি অনুসারে স্কাউট পোষাক ও ব্যাজ পরিধান করবেন।

গ্রুপ স্কাউট কাউন্সিলঃ

  • দুই বা ততোধিক শাখাবিশিষ্ট রোভার স্কাউট গ্রুপের সকল স্কাউটার ও সহকারী স্কাউটারদের নিয়ে গ্রুপ স্কাউটারস কাউন্সিল গঠিত হবে।
  • গ্রুপ স্কাউট লীডার গ্রুপ স্কাউটারস কাউন্সিলের সভাপতি এবং পরবর্তী সিনিয়র স্কাউটার সম্পাদক হবেন
  • সাধারণভাবে এ পরিষদ মাসিক নিয়মিত অধিবেশনে মিলিত প্রশিক্ষণ কার্যাবলী সুষ্ঠুভাবে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে পরিষদ যে কোন সময়ে অধিবেশনে মিলিত হতে পারবে।

গ্রুপ স্কাউটার কাউন্সিলের কার্যাবলীঃ

  • গ্রুপের সকল ইউনিটে সদস্য ভর্তি বদলী ও অ্যাওয়ার্ড ইত্যাদি বিবেচনা।
  • গ্রুপের সকল শাখার সদস্যদের পর্যায়ক্রমিক উন্নয়ন, মান সংরক্ষণ ও ব্যাজ প্রদান।
  • গ্রুপ কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয়সাধন।
  • নিয়মিত গ্রুপ কমিটিতে মাসিক কার্যবিবরণী পেশ ও পরবর্তী মাসিক কর্মসূচীসহ প্রয়োজনীয় অর্থ মঞ্জুরীর ব্যবস্থা।

সংশোধনীঃ

  • এ উপবিধির কোন ধারার পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন অথবা সংশোধনের প্রয়োজন হলে অঞ্চলের কাউন্সিলের বার্ষিক অধিবেশনে উপস্থিত সদস্যের দুই-তৃতীয়াংশের সম্মতিতে করা যাবে।
  • এ উপবিধির কোন সংশোধনী প্রস্তাব থাকলে তা অঞ্চলের নির্বাহী কমিটির বিবেচনার জন্য প্রতি বছর ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অঞ্চলের কার্যালয়ে প্রেরণ করতে হবে। প্রস্তাবটি নির্বাহী কমিটির মতামতসহ পরবর্তী কাউন্সিল অধিবেশনে উপস্থাপিত হবে।

বিধি প্রণয়নের ক্ষমতাঃ

  • অত্র উপবিধিতে বিদ্যমান কোন ধারা প্রয়োগ বা ব্যাখ্যায় অসংগতি অথবা অসামঞ্জস্য দেখা দিলে নির্বাহী কমিটি এতদ্‌সংক্রান্ত বিষয়ে বিধি প্রণয়ন বা ব্যাখ্যা প্রদানের ক্ষমতার অধিকারী হবেন।
  • তবে নির্বাহী কমিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভায় উপরোক্ত বিধি প্রণয়ন অথবা ব্যাখ্যা প্রদানের বিষয়টি অবশ্যই অনুমোদন করিয়ে নিবেন।
  • প্রয়োজনবোধে নির্বাহী কমিটি বিষয়টি বিধি কমিটিতে সিদ্ধান্তের জন্য প্রেরণ করবেন।

Post a Comment

0 Comments